
‘সাংসদ হিসেবে থেকে অপমান সহ্য করতে পারতাম, কিন্তু একজন স্বাভিমানী অসমিয়া বলে সব ছেড়ে আজ দল ছেড়ে রাজ্যবাসীর জন্য কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি’
নয়াদিল্লি, ১৮ মাৰ্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তাঁর সদ্য-পুরনো দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ। প্রদ্যুতের অভিযোগ, কংগ্রেসে অসমীয়া, জনজাতি এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতি কোনও সম্মান নেই।
নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, প্রদান বরুয়া এবং বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়াদের পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদ্যুৎ বরদলৈ বলেন, কংগ্রেসের উপেক্ষামূলক নীতির কারণে বিভিন্ন সম্প্রদায় দল থেকে দূরে সরে গেছে। তিনি অভিযোগ করেন, দলটি সমাজের বিভিন্ন শ্রেণির সমস্যাকে উপেক্ষা করছে, যার ফলে দলের জনভিত্তি দুর্বল হয়ে পড়েছে।
তিনি বলেন, কংগ্রেস কারও পরোয়া করে না। সব সম্প্রদায়কে উপেক্ষা করার জন্যই আজ এই অবস্থায় পৌঁছেছে। কংগ্রেসের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ তুলে প্রদ্যুৎ তাঁর পদত্যাগের কারণ শুধুমাত্র অসম বিধানসভা নির্বাচনের টিকিট বণ্টন নয়, ‘একাধিক বিষয়’ এর সঙ্গে জড়িত বলে স্পষ্ট জানান।
বলেন, ‘আমার কাছে টিকিট পাওয়া জীবন-মরণের প্রশ্ন ছিল না। এখানে একাধিক সমস্যা ছিল। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল মাথা উঁচু করে থাকা, সসম্মানে থাকা। কংগ্রেসে কোনও স্বাভিমানী অসমিয়া থাকতে পারবেন না।’
বলেন, ‘বাল্যকাল, ১৬ বছর বয়স থেকে কংগ্রেসের সঙ্গে আমি জড়িত ছিলাম। পার্টি আমার জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে, আমি পার্টিতে অপমানিত, দূরে সরে যাওয়া এবং দমবন্ধ বোধ করছিলাম।’
তিনি বলেন, এতকাল কংগ্রেস করে আজ কেন এই দল ছেড়েছি, তা ভাবতে হবে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না, অনেক কষ্টের সাথে, বহু বিবেচনা করে, মানসম্মান বজায় রাখতে আজ দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
প্রদ্যুৎ আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি এখনও লোকসভার দ্বিতীয় মেয়াদে আছি। এখনও তিন বছর বাকি আছে। আমি চাইলে সাংসদ হিসেবে থেকে অপমান সহ্য করতে পারতাম। কিন্তু একজন স্বাভিমানী অসমীয়া বলে সব ছেড়ে আজ আমি দল ছেড়ে রাজ্যবাসীর জন্য কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
বরদলৈ বলেন, ‘আমি অসমের জনগণের জন্য আরও ভালও কিছু করার জন্য বিজেপিতে যোগ দিয়েছি। আমি মনে করি, নতুন দলকে সর্বোচ্চ পরিষেবা দিতে সক্ষম হব এবং অসমকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করতে সাহায্য করব। আমি আমার নতুন সহকর্মীদের সাথে অসমের সমস্ত সম্প্রদায়ের কল্যাণে কাজ করার জন্য উন্মুখ। যা এতদিন পারছিলাম না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কার্যপদ্ধতি, অসমে উন্নয়নের জোয়ার দেখে বিজেপিতে এসেছি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস