
লখনউ, ১৮ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশে বিগত নয় বছরে যে আমূল পরিবর্তন ঘটেছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর দিকনির্দেশনাতেই সম্ভব হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার লখনউয়ের লোকভবনে ‘নবনির্মাণের নয় বছর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগী সরকার তাদের নয় বছরের সাফল্য তুলে ধরে। এই অনুষ্ঠানে ‘নবনির্মাণের নয় বছর’ শীর্ষক একটি তথ্যভিত্তিক পুস্তিকাও প্রকাশ করা হয়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলেই দুর্নীতির অভিযোগ উঠত। কিন্তু বর্তমানে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী, দলিত, প্রান্তিক ও দরিদ্র মানুষের কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যের সামগ্রিক উন্নয়ন ঘটেছে এবং উত্তর প্রদেশ নতুন পরিচিতি পেয়েছে।
তিনি জানান, আগামী নয় দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন থিমে কর্মসূচি পালিত হবে। এই সময়ের মধ্যে সরকারের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হবে এবং বিগত নয় বছরের কাজ জনসাধারণের সামনে তুলে ধরা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে যোগী আদিত্যনাথ বলেন, বর্তমানে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে উৎসবের সময় মানুষের মধ্যে আর ভয়ের পরিবেশ নেই। মানুষ স্বাধীনভাবে মন্দিরে যেতে পারছেন এবং উৎসব পালন করছেন।
পুলিশ নিয়োগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় ৩০ হাজার পুলিশ নিয়োগের লক্ষ্য নেওয়া হয়েছিল, কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় সমস্যা দেখা দিয়েছিল। আদালতের নির্দেশ মেনে সেই নিয়োগ সম্পন্ন করা হয়। বর্তমানে প্রতিটি জেলায় সাইবার থানা ও হেল্প ডেস্ক গড়ে তোলা হয়েছে।
পরিকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালের আগে রাজ্যের সড়কব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। বর্তমানে গ্রাম, তহসিল, জেলা ও রাজ্যর সদরকে সংযুক্ত করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বারাণসীতে দেশের প্রথম রোপওয়ে নির্মাণ হচ্ছে। বর্তমানে রাজ্যে ১৬টি ডোমেস্টিক বিমানবন্দর এবং ৪টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
শিল্প ও বিনিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ১৯৪৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত যেখানে মাত্র ১৪ হাজার শিল্প স্থাপিত হয়েছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩১ হাজার ছাড়িয়েছে। প্রায় ৬৫ লক্ষ মানুষের এতে কর্মসংস্থান হয়েছে। এছাড়া ৯৬ লক্ষের বেশি এমএসএমই ইউনিট সক্রিয় রয়েছে।
নয়ডার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পূর্ববর্তী মুখ্যমন্ত্রীরা ‘কুসংস্কার’-এর কারণে নয়ডায় যেতেন না। তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে যান এবং বর্তমানে নয়ডা শিল্প ও উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, বিশেষ করে মোবাইল ফোন উৎপাদন।
কৃষিক্ষেত্রেও উন্নয়নের কথা তুলে ধরে যোগী আদিত্যনাথ জানান, কৃষি বৃদ্ধির হার ৮.৫ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে পৌঁছেছে। আখচাষিদের ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রদান করা হয়েছে এবং ওজনে কম দেওয়ার মতো অনিয়ম বন্ধ হয়েছে।
শিক্ষাক্ষেত্র নিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পরিষদের অধীনে ১ কোটি ৬০ লক্ষের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের জন্য পোশাক, জুতো, স্কুলব্যাগ, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। সংস্কৃত শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বৃত্তি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক সহ একাধিক মন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।
বক্তারা বলেন, বিগত নয় বছরে উত্তর প্রদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য