বারাসাতে প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, শঙ্কর চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ
বারাসাত, ১৯ মার্চ (হি. স.): বৃহস্পতিবার রাজ্য বিজেপি সদর দফতর থেকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই বারাসাত বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। প্রার্থী হিসেবে শঙ্কর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর
বারাসাত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার


বারাসাত, ১৯ মার্চ (হি. স.): বৃহস্পতিবার রাজ্য বিজেপি সদর দফতর থেকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই বারাসাত বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। প্রার্থী হিসেবে শঙ্কর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এলাকার দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়তে শুরু করেছে।

​বিক্ষুব্ধ কর্মীদের একাংশের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শঙ্কর চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর ঘনিষ্ঠদের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়েছিলেন এবং আচমকাই নির্বাচনী লড়াই থেকে নিষ্ক্রিয় হয়ে যান। যদিও এই গুরুতর অভিযোগের স্বপক্ষে এখনও পর্যন্ত কোনও দাপ্তরিক বা সরকারি প্রমাণ সামনে আসেনি।

​দলীয় কর্মীদের দাবি, গত নির্বাচনের ওই ঘটনার জেরে বিজেপির স্থানীয় সংগঠনে বড়সড় ভাঙন ধরেছিল, যার সরাসরি প্রভাব পড়েছিল ভোটবাক্সে। তাঁদের মতে, সেই সময় শঙ্কর চট্টোপাধ্যায়ের রহস্যজনক ভূমিকার কারণেই বারাসাত কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গিয়েছিল।

​এবারও দল সেই একই ব্যক্তিকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন নিচুতলার অনেক কর্মী-সমর্থক। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা না হলে তাঁরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাতের রাজনৈতিক পরিবেশ বর্তমানে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande