
হাফলং (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার সঙ্গে মন্ত্রী নন্দিতা গার্লোসার সংঘাতের জেরেই টিকিট থেকে বঞ্চিত হলেন বিদ্যমান বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গার্লোসা। নন্দিতাকে বঞ্চিত করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত আসনে রূপালি লাংথাসাকে প্রার্থী ঘোষণা করেছে।
নন্দিতা গার্লোসার বিরুদ্ধে অভিযোগ ছিল, দলের মধ্যে তিনি বিভাজনের সৃষ্টি করায় জেলা বিজেপির অধিকাংশ নেতা ও কার্যকর্তার মধ্যে তাঁর দূরত্বের সৃষ্টি হয়েছিল। অবশেষে দলীয় কোন্দলই কাল হলো মন্ত্রী নন্দিতা গার্লোসার।
১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত আসনে এবার রূপালি লাংথাসাকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল স্তরের সঙ্গে সংযোগের জন্য পরিচিত তরুণ ও উদ্যোমী রূপালি লাংথাসা শিক্ষা, সমাজ উন্নয়ন এবং যুব ক্ষমতায়ন উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত থেকে এই অঞ্চলের একজন প্রতিশ্রুতিবদ্ধ নেত্রী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।
উল্লেখ্য, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতক রূপালি লাংথাসা ২০১৫ সালে বিজেপিতে যোগদান করে ২০২১ সালে ডিমা হাসাও জেলা বিজেপির সাধারণ সম্পাদিকার দায়িত্ব পান। ২০২৪ সালে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ দিয়ুংমুখ আসন থেকে পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। বর্তমানে রূপালি লাংথাসা বিজেপিশাসিত পরিষদের সদস্য হিসেবে কার্যনির্বাহ করছেন।
এদিকে বিজেপি রূপালি লাংথাসার নাম হাফলং আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর জেলা বিজেপির কার্যালয়ে নেতা-কার্যকর্তারা আনন্দোল্লাসে মেতে উঠেছেন। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিবাহী সদস্য দেবোলাল গার্লোসা, বিজেপি নেতৃত্ব রূপালি লাংথাসাকে হাফলং আসনে প্রার্থী করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, রূপালি লাংথাসা বিজেপির এক তরুণ ও উদ্যোমী নেত্রী। এবার জেলা বিজেপির নেতাকর্মীরা রূপালিকে জয়ী করে বিধানসভায় পাঠাবেন।
২০২১ সালে বিজেপি হাফলং আসন থেকে প্রায় ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন নন্দিতা। এবার বিজেপি প্রার্থী রূপালি লাংথাসা ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করে দেবোলাল গার্লোসা বলেন, এবারও রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। তাই হাফলং আসনে বিজেপি প্রার্থী রূপালি লাংথাসাকে জয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান দেবোলাল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব