
কলকাতা, ১৯ মার্চ (হি. স.): আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এল বীরভূমের সিউড়ির সমাজকল্যাণমূলক সংস্থা ‘মানবতা’। বৃহস্পতিবার সিউড়ির হাটজন বাজার এলাকায় আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে প্রায় ১০০ জন অনাথ ও দরিদ্র পরিবারের শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
এই স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে শারীরিক প্রতিবন্ধী সমাজসেবী জগন্নাথ মাহারার পরিচালিত ‘বিদ্যাসাগর মহাশয়ের পাঠশালা’-র সহযোগিতায়। উৎসবে নতুন জামাকাপড়ের পাশাপাশি শিশুদের জন্য টিফিন ও চকোলেটেরও ব্যবস্থা করা হয়েছিল, যা খুদেদের মধ্যে উৎসবের আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার বিশিষ্ট সদস্য ডাঃ সিদ্দিক, শিক্ষক জগন্নাথ মাহারা, শিক্ষিকা টুম্পা দে, আবিরা খাতুন, সোনালী খাতুন প্রমুখ। সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “ধর্ম বা জাতের বিভাজনের ঊর্ধ্বে উঠে এই উদ্যোগ এক অনন্য মানবিক বার্তা দেয়। আমাদের লক্ষ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো।”
অন্যদিকে, জগন্নাথ মাহারা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী দিনেও তারা এই ধরনের বৃহত্তর সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত