
কলকাতা, ১৯ মার্চ (হি.স.): সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের বোনাসের (অ্যাড-হক) পরিমাণ ৬০০ টাকা করে বাড়াল রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতরের পুলিশ শাখার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বার থেকে এই বোনাস করা হল মাথাপিছু ৭ হাজার ৪০০ টাকা করে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষের অ্যাড হক বোনাস কার্যকর করা হয়েছে। নবান্নের তরফে বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্য পুলিশ এলাকায় প্রায় ১.২৪ লক্ষ এবং কলকাতা পুলিশের আওতায় রয়েছেন প্রায় সাড়ে ৭ লক্ষ সিভিক ভলান্টিয়ার। এই বোনাস থাকবে কয়েক হাজার ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্যও। প্রসঙ্গত, ভোট ঘোষণার আগে গত ২৭ ফেব্রুয়ারি এই বোনাসের সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য। তার ভিত্তিতে প্রকাশ পেল সরকারি বিজ্ঞপ্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ