ধর্মনগর উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য, ত্রিমুখী লড়াইয়ের আভাস
ধর্মনগর (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী ঘোষণা করে জোরকদমে প্রচারে নেমে পড়েছে। এই প্রেক
কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য


ধর্মনগর (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী ঘোষণা করে জোরকদমে প্রচারে নেমে পড়েছে।

এই প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে চয়ন ভট্টাচার্যের নাম ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানা গেছে, চয়ন ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ সংগঠক। তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা ও প্রদেশ পর্যায়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করেছেন। বিভিন্ন গণআন্দোলন ও দলীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় ভূমিকা সংগঠনের ভিতকে শক্তিশালী করেছে বলেই মনে করছে দলের একাংশ।

কংগ্রেস নেতৃত্বের মতে, স্থানীয় রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা এবং সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে বিরোধী ভোট একত্রিত করার ক্ষেত্রে চয়ন ভট্টাচার্যের উপস্থিতি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে দলের আশা।

অন্যদিকে, এই উপনির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট ও বিজেপি। ফলে ধর্মনগর কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত মিলছে। প্রতিটি দলই নিজেদের অবস্থান মজবুত করতে জোরদার প্রচার শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপনির্বাচন শুধু একটি আসন দখলের লড়াই নয়, বরং রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণের ওপরও এর প্রভাব ফেলতে পারে। সেই কারণে প্রতিটি দলের কাছেই এই আসনের গুরুত্ব অত্যন্ত বেশি।

সব মিলিয়ে, ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য এই লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande