
কলকাতা, ২ মার্চ (হি. স.): হুগলির সদর শহর চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হলো সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত দু’বছর ধরে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছিল।
উদ্বোধিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে হাসপাতাল চত্বরের সৌন্দর্যায়ন, আধুনিক পার্কিং ব্যবস্থা, নিকাশি পরিশোধন কেন্দ্র ও জল পরিশোধন ব্যবস্থার উন্নতি। এদিন অনুষ্ঠানের শুরুতে দানবীর হাজী মহম্মদ মহসিনের মূর্তিতে মাল্যদান করেন সাংসদ। পরে তিনি বলেন, “দূরদূরান্ত থেকে আসা রোগীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মৃগাঙ্ক মল্লিক এবং হাসপাতালের সুপার ডা. অমৃতেন্দু পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পগুলির ফলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সুসংহত হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত