
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মার্চ (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে সোমবার তেলিয়ামুড়া আইসিডিএস প্রকল্পের উদ্যোগে প্রবীণ নাগরিকদের গতিশীলতা ও মানসিক দক্ষতা উন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী সাহা রায় বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের অমূল্য সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাঁদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দক্ষতা বৃদ্ধি এবং সামাজিকভাবে সক্রিয় রাখার বিষয়টি অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পরিবারের সন্তানদেরও মা-বাবার প্রতি দায়িত্বশীল ও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও অন্যান্য অতিথিরা প্রবীণ নাগরিকদের সুস্থ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ছয়জন প্রবীণ ব্যক্তিকে শাল, চাদর, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের কর্মসূচিতে তেলিয়ামুড়া ব্লক এলাকার বহু প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ