
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে এ বার প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যদিও এই দাম বৃদ্ধি আপাতত সাধারণ পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে না। মূলত প্রিমিয়াম হাই পারফরম্যান্স পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে। মোটামুটি গোটা দেশে লিটারে এই দাম ২ টাকা থেকে ২ টাকা ৩৫ পয়সা পর্যন্ত বেড়েছে শুক্রবার সকাল থেকে।
উল্লেখ্য, এই ধরনের প্রিমিয়াম পেট্রোল সাধারণত উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের গাড়িতে ব্যবহৃত হয়। এটি ইঞ্জিনের পারফরম্যান্স উন্নত করে, জ্বালানি দক্ষতা বাড়ায়। ফলে সাধারণ গাড়ির তুলনায় এই ধরনের জ্বালানি ব্যবহারকারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেলেও এখন তাঁদের খরচ কিছুটা বাড়বে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে তেলের দামের উপর। ভারত যেহেতু তার অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে এবং মুদ্রার ওঠানামা হলে তার প্রভাব দেশীয় বাজারেও পড়ে। তবে যাঁরা নিয়মিত প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ