
বিলাসপুর, ২০ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রি উপলক্ষে ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ের মা বামলেশ্বরী মন্দিরে বিপুল ভিড়ের সম্ভাবনা থাকায় যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে। ভক্তদের যাতায়াত সহজ করতে ইত্বারি ও কোরবার মধ্যে মেমু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার রেল সূত্রে জানা গিয়েছে, ২৩ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে এবং প্রতিদিন উভয় দিকেই পরিষেবা দেওয়া হবে। মোট ৬৩টি স্টেশনে থেমে প্রায় ১৪ ঘণ্টা ৩০ মিনিটে যাত্রা সম্পূর্ণ করবে ট্রেনটি। সময়সূচি অনুযায়ী, ট্রেন নম্বর ০৬৮৮৩ ইত্বারি থেকে ভোর ৫টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কোরবা পৌঁছবে। ফেরার পথে ট্রেন নম্বর ০৬৮৮৪ কোরবা থেকে ভোর ৫টা ১০ মিনিটে ছেড়ে একই সময়ে ইত্বারি পৌঁছবে।
নবরাত্রি মেলার মূল কেন্দ্র ডোঙ্গারগড় স্টেশনেও এই ট্রেনের বিশেষ স্টপেজ রাখা হয়েছে। ইত্বারি থেকে আসা ট্রেন সকাল ৯টা ৬ মিনিটে ডোঙ্গারগড় পৌঁছে পাঁচ মিনিট থেমে ৯টা ১১ মিনিটে রওনা দেবে। অন্যদিকে কোরবা থেকে আসা ট্রেন দুপুর ১টা ৪১ মিনিটে সেখানে পৌঁছবে।
এই ট্রেনটি কালামনা, কামথি, কানহান, ভান্ডারা রোড, তুমসার রোড, গোন্দিয়া, ডোঙ্গারগড়, রাজনন্দগাঁও, দুর্গ, ভিলাই নগর, রায়পুর, ভাটাপাড়া, বিলাসপুর, জাঞ্জগির-নাইলা, চম্পা এবং উর্গা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নবরাত্রি চলাকালীন ডোঙ্গারগড়ে ভক্তসমাগম ব্যাপকভাবে বাড়ে। তাই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর মাধ্যমে যাত্রীদের ভিড় কমানো এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যর যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য