
মুম্বই, ২০ মার্চ (হি.স.): আইআইটি বম্বের তিন পড়ুয়ার মৃত্যু হল গাড়ি দুর্ঘটনায়। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ঘটনা। জানা গেছে, ওই তিন পড়ুয়া পাহাড় থেকে সূর্যোদয় দেখতে বৃহস্পতিবার রাতে বেরিয়েছিলেন। শুক্রবার সকালে ক্যাম্পাসে ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।
শুক্রবার সকালে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই পড়ুয়াদের গাড়ির| সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় তাঁদের গাড়িটি| গাড়ির ভেতরে আটকে পড়েন পড়ুয়ারা। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে এমজিএম হাসপাতালে নিয়ে যায়; সেখানে চিকিৎসকরা তিন জনকেই মৃত ঘোষণা করেন।
একজন বাস চালক এই দুর্ঘটনার খবর দেন পুলিশকে। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের ভাটান টানেলের কাছে ওই ট্রাকটিকে অতিক্রম করতে যায় পড়ুয়াদের গাড়িটি| সেসময় গাড়িটি ট্রাকটির পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। তার জেরেই এই দুর্ঘটনা| পুলিশ তদন্ত শুরু করেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ