
দেহরাদূন, ২০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টি অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত এবং সমতল জেলাগুলিতে টানা বৃষ্টির ফলে রাজ্যজুড়ে শীতের তীব্রতা বেড়েছে।
শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, দেহরাদূন, উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর ও পিথোরাগড় জেলায় এদিনও কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের মতো উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। উপরের অঞ্চলে তুষারপাত এবং নিচের এলাকায় বৃষ্টির জেরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে, আগামী ২৫ মার্চ পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েকদিন বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শীতের প্রভাব বজায় থাকতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য