
হুগলি, ২১ মার্চ (হি.খ.) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শনিবার আরামবাগের ঈদগাহ প্রাঙ্গণে ধর্মীয় আবহের পাশাপাশি স্পষ্ট হয়ে উঠল নির্বাচনের রাজনৈতিক সমীকরণ। এদিন সেখানে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ এবং সিপিআইএম প্রার্থী বিথীকা পন্ডিত।
শনিবার সিপিআইএম প্রার্থী বিথীকা পন্ডিত বলেন, “ঈদ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। এই আনন্দের দিনে সকলকে ঈদ মোবারক জানাই। প্রার্থী হিসেবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছি।” তাঁর বক্তব্যে উৎসবের সম্প্রীতির বার্তাই প্রাধান্য পায়।
অন্যদিকে তৃণমূল প্রার্থী মিতা বাগ তাঁর বক্তব্যে রাজনৈতিক সুর তুলে ধরে বলেন, “তৃণমূল কংগ্রেস প্রতিবছরই ঈদগাহে উপস্থিত থাকে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলেন—‘ধর্ম যার যার, উৎসব সবার’।” পাশাপাশি তিনি প্রতিপক্ষকেও কটাক্ষ করেন।
ঈদের দিনে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়েই দুই প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেন। ভোটের আগে এই উপস্থিতি যে রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA