৫০ লক্ষ টাকা চাঁদা দাবি, অস্বীকার করতেই ঠিকাদারের বাড়িতে হামলা, চলল গুলি
বিশালগড় (ত্রিপুরা), ২১ মার্চ (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার কিছুক্ষণ পরেই ঠিকাদারের বাড়িতে দুষ্কৃতীদের গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সিপাহীজলা জেলার বিশালগড়ের নেতাজিনগর এলাকায়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থা
তদন্তে পুলিশ সুপার সহ অন্যান্যরা


বিশালগড় (ত্রিপুরা), ২১ মার্চ (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার কিছুক্ষণ পরেই ঠিকাদারের বাড়িতে দুষ্কৃতীদের গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সিপাহীজলা জেলার বিশালগড়ের নেতাজিনগর এলাকায়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মধু’ নামে পরিচিত ঠিকাদার অনুপ সাহার কাছে একটি ফোন কল আসে, যেখানে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় এবং একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।

ঘটনাটি বিশালগড় থানার মাত্র ৩০০ মিটার দূরে ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, ‘রণবীর’ নামে পরিচিত এক কুখ্যাত অপরাধী এই হামলার মূলচক্রী। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং সে পলাতক বলেও দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা একটি মোটরচালিত রিকশায় করে ঘটনাস্থলে আসে। পুরো ঘটনাটি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে।

এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশালগড়ে দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। চুরি, ডাকাতি ও বোমা হামলার মতো একাধিক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও দাবি তাঁদের।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande