
কলকাতা, ২১ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে শনিবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। রাজভবন সূত্রে জানা গিয়েছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিকেল পাঁচটা থেকে ছ'টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক চলে। উপহার হিসেবে রাজ্যপালের হাতে কলকাতার বিখ্যাত ভীম চন্দ্র নাগের মিষ্টি তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী।
বৈঠক শেষে ড. সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে জানান, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে সৌজন্য বিনিময়ের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজ্য রাজনীতি ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
যদিও এই বৈঠকের খুঁটিনাটি নিয়ে সরকারিভাবে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনকে শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে বলে যে আশঙ্কা বিরোধী শিবিরের রয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে। যেকোনো মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার বিষয়েও এই আলাপচারিতায় গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত