পাথারকান্দি টাউন ঈদগাহে ঈদের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার
পাথারকান্দি (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি টাউন ঈদগাহে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছে সর্বধর্ম সমন্বয় সভা। আজ শনিবার সকাল আটটায় ঈদগাহের নির্ধারিত স্থানে উপস্থিত হন সংস্থার বিভিন্ন ধর্মাবলম্বী পদাধিকারীরা।
ঈদের নামাজ (ফাইল ফটো)


পাথারকান্দি (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি টাউন ঈদগাহে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছে সর্বধর্ম সমন্বয় সভা। আজ শনিবার সকাল আটটায় ঈদগাহের নির্ধারিত স্থানে উপস্থিত হন সংস্থার বিভিন্ন ধর্মাবলম্বী পদাধিকারীরা।

নামাজ শেষে মুসল্লিদের সাথে করমর্দন আর কোলাকুলি করার পর আয়োজন করা হয় ঈদের শুভেচ্ছা বিনিময় আসরের। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে পরিচয়পর্ব করিয়ে দেন সংস্থার কার্যকরী সভাপতি এইচএম আমির হোসেন। পরে একে একে বক্তব্য পেশ করেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সিদ্ধার্থশেখর পালচৌধুরী, তপোধীর দেশমুখ, সূর্যপ্রকাশ সিনহা, টিংকু গুপ্ত, সুরঞ্জন দাস, রামেন্দ্র মালাকার, নজরুল ইসলাম প্রমুখ।

সিদ্ধার্থশেখর পালচৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত ধার্মিকরা কখনও অশান্তি ছড়াতে পারেন না। নিজ ধর্মীয় রীতি-নীতি মেনে চললে সমাজে আর অশান্তি থাকবে না। সূর্যপ্রকাশ সিনহা সমাজে সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। অতিথিরা ঈদের শুভেচ্ছা বার্তা তুলে দেন ইসলাম ধর্মাবলম্বীদের হাতে।

সংস্থার কর্মকর্তাদের পেয়ে খুশি ব্যক্ত করে তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঈদগাহ কমিটির সভাপতি মাতাব হোসেন ও সম্পাদক সালেহ আহমেদ। শুভেচ্ছা বিনিময় আসর পরিচালনা করেন এইচএম আমির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আব্দুল বাসিত, হারুন রশিদ তাপাদার, রাজেন্দ্র সিনহা, আপ্তাব উদ্দিন, এহসান উদ্দিন তাপাদার রাজু, নজমুল ইসলাম, আহাদ উদ্দিন, নুর আহমদ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande