
বরানগর, ২১ মার্চ (হি. স.) :- শনিবার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বরানগর। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল গোপাল লাল ঠাকুর রোডে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ। সংঘর্ষের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল।জানা গেছে, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-এর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা দ্রুত সংঘর্ষে পরিণত হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁকে মাইক হাতে স্লোগান দিতেও দেখা যায়। বিজেপি কর্মী-সমর্থকদের ‘সায়ন্তিকা গো ব্যাক’, ‘চোর এমএলএ গো ব্যাক’ স্লোগান দিতে শোনা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি বহিরাগতদের নিয়ে এসে হকি স্টিক দিয়ে তৃণমূলের মহিলা কর্মীদের মারধর করেছে। তাঁর দাবি, শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও তৃণমূলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাফ টহল দিচ্ছে এলাকায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়