
কলকাতা, ২১ মার্চ (হি. স.) : শুক্রবারের পর শনিবার আবারও প্রার্থী পরিবর্তনের দাবিতে সল্টলেকের বিজেপি রাজ্য দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন বজবজ বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা। প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষের জেরে টানা দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বজবজ সহ একাধিক বিধানসভা কেন্দ্র থেকে আসা কর্মী-সমর্থকরা প্রার্থী বদলের দাবিতে সরব হন এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁদের এলাকায় কোনও জনসংযোগ বা সংগঠনের কাজ ছিল না, তাঁদেরই প্রার্থী করা হয়েছে। এতে দলের কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তন না করলে আন্দোলন আরও বড় আকার নেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি সুনীল বনসল-এর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিক্ষোভকারীদের।এদিন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তনের দাবিতেও নতুন করে বিক্ষোভ শুরু হয়। যদিও এই পুরো বিষয় নিয়ে এখনও পর্যন্ত বিজেপি রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক কেন্দ্রে অসন্তোষ দেখা দিয়েছে, আর সেই অসন্তোষই এবার প্রকাশ্যে বিক্ষোভে রূপ নিচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়