
বহরমপুর, ২১ মার্চ (হি. স.) : লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ল বিজেপির অন্দরে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বাপন ঘোষের নাম ঘোষণার পর থেকেই দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। শনিবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বহরমপুরের কারবালা এলাকায় বিজেপির অস্থায়ী জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে।রেজিনগর থেকে আসা বিজেপি কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং প্রার্থী বদলের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, বাপন ঘোষকে আগে কখনও দলের কোনও কর্মসূচি বা আন্দোলনে দেখা যায়নি। অথচ অজ্ঞাত কারণে তাঁকেই প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় কর্মীরা ক্ষুব্ধ বলেই জানান তাঁরা।বিক্ষোভকারীরা জেলা সভাপতি মলয় মহাজনের দিকেও অভিযোগের আঙুল তোলেন। তাঁদের দাবি, অবিলম্বে রেজিনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করতে হবে, নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন কিশোর বিশ্বাস, রাজেশ মন্ডল এবং রিম্পা মন্ডল। তাঁরা সকলেই প্রার্থী পরিবর্তনের দাবিতে দলীয় নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়