
কুলতলি, ২১ মার্চ (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী কুলতলি বিধানসভা এলাকায় নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। পিছিয়ে পড়া এই অঞ্চলে সংগঠন মজবুত করতে জোর দিচ্ছে বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, “ডাবল ইঞ্জিন” সরকারের লক্ষ্য সামনে রেখে এবং নারীদের অধিকারের প্রশ্নকে গুরুত্ব দিয়ে প্রার্থী করা হয়েছে লড়াকু মুখ মাধবী মহলদারকে। তিনি জালবেড়িয়া অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা।
গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষাপটেই তাঁকে ফের ভোটের ময়দানে নামানো হয়েছে বলে দলের একাংশের মত। প্রার্থীপদ ঘোষণার পর থেকেই মাধবী মহলদার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জালবেড়িয়ার একটি মন্দিরে পুজো দেন এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন।
নদীবেষ্টিত কুলতলির মৈপীঠ ও কৈখালি এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগও চালাচ্ছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাঁদের পাশে থাকার আবেদন জানিয়েছেন। প্রার্থীর দাবি, বাম আমল থেকে এই এলাকা উন্নয়নবঞ্চিত রয়ে গিয়েছে; সাম্প্রতিক বছরগুলিতে দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। তবে বিরোধী শিবিরের পাল্টা দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। ভোটের শেষে মানুষের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে কুলতলির ভবিষ্যৎ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত