সুন্দরবনে বাঘের কামড়ে জখম মৎস্যজীবী, চলছে চিকিৎসা
দক্ষিণ ২৪ পরগনা, ২২ মার্চ (হি.স.): সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কামড়ে জখম হলেন এক মৎস্যজীবী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বড়িতলা জঙ্গলে। বাকি সঙ্গীদের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ
সুন্দরবনে বাঘের কামড়ে জখম মৎস্যজীবী, চলছে চিকিৎসা


দক্ষিণ ২৪ পরগনা, ২২ মার্চ (হি.স.): সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কামড়ে জখম হলেন এক মৎস্যজীবী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বড়িতলা জঙ্গলে। বাকি সঙ্গীদের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে গভীর রাতে বসিরহাট হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। রবিবার জানা গিয়েছে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। আহত যুবকের নাম নিখিল মণ্ডল। তাঁর বাড়ি সুন্দরবনের হেমনগর কোস্টাল থানা এলাকার শামসেরনগরে।

নিখিলের সঙ্গেই ছিলেন গোবিন্দ মণ্ডল। তিনি গোটা ঘটনা সম্পর্কে জানান, নিখিল-সহ মোট ছ’জন দু’টি নৌকা নিয়ে তিন দিন আগে কাঁকড়া ধরতে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়েছিলেন। শনিবার ঠিক সন্ধ্যার আগে বড়িতলা জঙ্গলের একটি খাড়ির ভিতর থেকে বেরোনোর সময় একটি বাঘ তার দু’টি শাবক নিয়ে খাড়ির ধারে উপস্থিত হয়। বাঘটি আচমকা নৌকার উপর দাঁড়িয়ে থাকা নিখিলের উপর ঝাঁপিয়ে পড়ে। গোবিন্দ তৎক্ষণাৎ বাঁশ নিয়ে বাঘকে সজোরে আঘাত করেন। তখন ওই বাঘটি নিখিলকে ছেড়ে দিলে, তিনি নৌকা থেকে জলে পড়ে যান। কিন্তু ওই বাঘটি নৌকা থেকে ডাঙ্গায় উঠে তখনও নিখিলকে ধরার চেষ্টা করে। এর পর নিখিলের সঙ্গীরা চিৎকার, চেঁচামেচি এবং লাঠি নিয়ে বাঘের দিকে তেড়ে গেলে, বাঘ তার দু’টি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। নিখিলকে উদ্ধার করে নিয়ে আসে তাঁর সঙ্গীরা, এখন সে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande