
আগরতলা, ২২ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে তিনটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল রাষ্ট্রীয় লোক দল। একইসঙ্গে নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছে দলটি। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মণিন্দ্র রিয়াং।
দলীয় সূত্রে জানা গেছে, ২৩ নম্বর মহারানী চেলাগাং কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এঞ্জোলিনা কাইপেং, ২৫ নম্বর বীরচন্দ্র কলসি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুবীর কুমার জমাতিয়াকে এবং ২৬ নম্বর কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্র থেকে লড়বেন পূর্ণ জয় রিয়াং।
সাংবাদিক সম্মেলনে মণিন্দ্র রিয়াং বলেন, জনগণের ব্যাপক সমর্থন নিয়ে রাষ্ট্রীয় লোক দল একটি অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী ও প্রগতিশীল প্রশাসন গড়ে তুলতে সক্ষম হবে।
এদিন দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান প্রণব রায়। ইশতেহারে জনকল্যাণ, সার্বিক উন্নয়ন এবং আঞ্চলিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ