
মালদা ও বাঁকুড়া, ২২ মার্চ (হি. স.) : ভোটের প্রচারে নতুন চমক - রন্ধনশিল্পকে প্রচারের হাতিয়ার করলেন দুই প্রার্থী| মালদার মানিকচক আর বাঁকুড়ার ছাতনা, দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের ভিন্নধর্মী প্রচার ঘিরে জোরদার চর্চা শুরু হয়েছে।
রবিবার মানিকচকের মথুরাপুর হাটে প্রচারে নেমে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলকে জিলিপি ভাজতে, এমনকি সিঙাড়ার তরকারি রান্না করতেও দেখা যায়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হাটের বিভিন্ন দোকানে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে আগামী দিনে “সোনার মানিকচক” গড়ার প্রতিশ্রুতিও দেন।
অন্যদিকে, বাঁকুড়ার ছাতনা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের প্রচারেও ধরা পড়ল একই ছবি। ছাতনা বাজারে একটি চপের দোকানে দাঁড়িয়ে চপ-বেগুনি নিজের হাতে ভেজে কর্মী - সমর্থকদের খাওয়ালেন তিনি। চপ ভাজার ফাঁকে তাঁর কটাক্ষ, রাজ্যের শিক্ষিত বেকারদের চাকরি না দিয়ে চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই পরামর্শ মেনেই তিনি প্রচারের ফাঁকে এমন চপ ভাজার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও এই প্রচারকৌশলকে ব্যঙ্গ করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, শাসকদলের পথ অনুসরণ করে চলেছেন গেরুয়া প্রার্থীরা। ভোটের আগে এই ‘রান্না-রাজনীতি’ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত