
ঝাড়গ্রাম, ২২ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম জেলাজুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রবিবারের নির্বাচনী প্রচারে ধরা পড়ল ভিন্ন চিত্র। বড় সভা বা মঞ্চের বদলে সাধারণ মানুষের কাছে পৌঁছতে ঘরে ঘরে প্রচার, ছোট বৈঠক ও সরাসরি জনসংযোগেই জোর দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
এদিন সকালে টোটো চেপে প্রচারে বের হন তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন। সবজি বাজারে সাধারণ মানুষের থেকে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তিনি।
অন্যদিকে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ লালগড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সিপিএম প্রার্থী অর্জুন মাহাতোও বাজার ও গ্রামাঞ্চলে ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন।
তৃণমূল প্রার্থী অজিত মাহাতো পাটাশিমূলের ছোটপারুলিয়া গ্রামে বাড়ি-বাড়ি জনসংযোগের পাশাপাশি কর্মীদের নিয়ে বৈঠক করেন। কেশিয়াপাতা হাই স্কুলে সংগঠন শক্তিশালী করতে বুথ ও অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়।
বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো গুপ্তমণি, মানিকপাড়া ও লোধাশুলি এলাকায় কর্মিসভা ও জনসংযোগে ব্যস্ত থাকেন। সিপিআই প্রার্থী বিকাশ সঙ্গী সরডিহা ও শালবনি এলাকায় ধারাবাহিক বৈঠক করেন।
এছাড়াও, বিজেপি প্রার্থী প্রণত টুডু বাঁশপাহাড়িতে কর্মিসভা করেন। সিপিএম প্রার্থী রবীন্দ্র সিং সর্দারও বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন।
তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু দিনভর কর্মী বৈঠক ও জনসংযোগ চালান। ছাতিনাশোল থেকে কেন্দুগাড়ি পর্যন্ত প্রচারের পাশাপাশি সাঁওতাল সম্প্রদায়ের তামসা মেলায় যোগ দেন তিনি।
অন্যদিকে বিজেপি প্রার্থী অমিয় কিস্কু দিনভর কর্মী বৈঠকের পর এদিন সন্ধ্যায় বাড়ি-বাড়ি প্রচার চালান।
সব মিলিয়ে, ভোটের আগে ঝাড়গ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সরাসরি জনসংযোগেই জোর দিচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো