
মানিকচক, ২২ মার্চ (হি. স.): ভোট প্রচারে বেরিয়ে চমক দিলেন মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডল। রবিবার প্রচার চলাকালীন তিনি মানিকচকের মথুরাপুর হাটে গিয়ে জিলিপি ভাজেন এবং সিঙ্গারার তরকারি তৈরি করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর কেড়ে নেন। তাঁর এই ভিন্নধর্মী প্রচার ঘিরে উৎসাহ দেখা যায়।এদিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হাটের বিভিন্ন দোকানে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। অনেক দোকানে নিজে হাত লাগিয়ে কাজেও সাহায্য করেন। ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সমস্যার কথাও শোনেন বিজেপি প্রার্থী।প্রচার চলাকালীন তিনি ভোটারদের কাছে আবেদন জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের জন্য তাঁকে জয়যুক্ত করতে। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনে মানিকচককে “সোনার মানিকচক” হিসেবে গড়ে তোলা হবে এবং এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।প্রচার কর্মসূচির ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, প্রচারের ময়দানে তিনি এগিয়ে রয়েছেন এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়