টিটিএএডিসি ভোটে কংগ্রেস-টিপিপি-গণমঞ্চের তিনদলীয় জোট
আগরতলা, ২২ মার্চ (হি.স.) : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে তিনদলীয় জোট গঠনের ঘোষণা দিল কংগ্রেস, টিপিপি (ত্রিপুরা পিপলস পার্টি) এবং গণমঞ্চ। রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত য
তিন দলীয় জোটের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ২২ মার্চ (হি.স.) : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে তিনদলীয় জোট গঠনের ঘোষণা দিল কংগ্রেস, টিপিপি (ত্রিপুরা পিপলস পার্টি) এবং গণমঞ্চ। রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শাসক দলকে মোকাবিলা করতেই এই যৌথ লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নির্ভয়ে ভোটদানের আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ২৮ আসন বিশিষ্ট টিটিএএডিসি-এর সাধারণ নির্বাচন এবং ৯ এপ্রিল ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে তিনটি দল যৌথভাবে সবকটি আসনে লড়াই করবে। তিনি অভিযোগ করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে এবং শাসক দল বিরোধীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রত্যাহার পর্যন্ত বিভিন্ন পর্যায়ে হুমকি ও বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

আশীষ কুমার সাহা আরও বলেন, গত আট বছরে শাসক দল মানুষের আস্থা হারিয়েছে। তাই তাঁরা অর্থবল ও পেশিশক্তির মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে তিনদলীয় জোট ঐক্যবদ্ধভাবে সমস্ত বাধা অতিক্রম করে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

জোটের কাঠামো প্রসঙ্গে জানানো হয়, গণমঞ্চ আপাতত কোনও প্রার্থী দেবে না। অন্যদিকে টিপিপি প্রার্থী দেবে এবং কংগ্রেসও সক্রিয়ভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া এবং প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। টিপিপি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ, সম্পাদক রিজিয়া খাতুন ও সন্দীপ রঞ্জন দত্ত। এছাড়াও গণমঞ্চ-এর সাধারণ সম্পাদক প্রদ্যোত নারায়ণ মজুমদার এবং সভাপতি জীবন ভৌমিক উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande