
বেঙ্গালুরু, ২৩ মার্চ (হি.স.): সোমবার ভোরে বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়েছে। কেরলের একটি বেসরকারি ভ্রমণ সংস্থার বাস কেরল থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রামনগর জেলার চন্নপত্তন তালুকের পুত্তাপ্পানাদোদ্দির কাছে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চারজন যাত্রী মারা যান। মৃত ব্যক্তিরা হলেন: কেরলের বাসিন্দা মোহাম্মদ পারান (২২) ও রফিজ (৪৫) এবং বেঙ্গালুরুর বাসিন্দা রশিদ (৪৫) ও সাকির (২৭)। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ