
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): প্রবাদপ্রতিম সমাজবাদী নেতা এবং চিন্তাবিদ ডঃ রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডঃ লোহিয়াকে বহুমাত্রিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা এবং স্বাধীনতা-পরবর্তীকালে দেশের উন্নতিতে তাঁর অবদানের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, ডঃ রাম মনোহর লোহিয়া জির জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। তিনি ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, যিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে এবং পরে ১৯৪৭-পরবর্তী ভারতের অগ্রগতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ চিন্তাবিদ এবং সামাজিক ন্যায়বিচারের অন্যতম প্রধান প্রবক্তা। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর অবিচল নিষ্ঠা প্রজন্মের পর প্রজন্মকে আজও অনুপ্রাণিত করে চলেছে। লিঙ্গ সমতা এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা বিষয়ক তাঁর চিন্তাধারাও সমানভাবে উল্লেখযোগ্য।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ