
আরামবাগ, ২৪ মার্চ (হি.স.) : হুগলির গোঘাটে একসময়কার বাম দুর্গ পুনর্দখলের লক্ষ্যে জোর প্রচারে নেমেছেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী মুক্তারাম ধাওরে। গোঘাটে বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই জোরদার হয়েছে তাঁর জনসংযোগ। বড় সভা বা মিছিলের বদলে সরাসরি মানুষের সঙ্গে কথা বলাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তাঁর প্রচারে উঠে আসছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগগুলি| পাশাপাশি, বেকারত্ব, কৃষিক্ষেত্রে ক্ষতি - এই সব বিষয়ই থাকছে তাঁর প্রচারে।
প্রচারের ময়দানে নেমে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এই বাম প্রার্থী। তাঁর অভিযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সাধারণ মানুষ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। কর্মসংস্থানের অভাব বিশেষত যুবসমাজের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি। কৃষকদের সমস্যাকেও গুরুত্ব দিয়ে তিনি বলেন, ফসলের ন্যায্য মূল্য, সার সংকট ও সেচ ব্যবস্থার দুর্বলতা—এই সব বিষয় সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তিনি জিতলে।
দীর্ঘদিন পর গোঘাটে বামফ্রন্টের এই জোরালো প্রচার নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এখন দেখার, এই প্রচারের প্রভাব কতটা পড়ে ভোটবাক্সে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA