
আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় নিজ বাড়িতে সিলিংয়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সুশান্ত দে (২৮)। তিনি এনসিসি থানাধীন গোর্খাবস্তি নতুন পল্লী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সুশান্ত দে-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে এনসিসি থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে সেই নোটের বিষয়বস্তু নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সুশান্ত দে ত্রিপুরা হাইকোর্ট সংলগ্ন এলাকায় একটি এসি মেশিনের দোকানে কাজ করতেন। মাত্র দুই মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। হঠাৎ এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। যদিও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোর্খা বস্তি নতুন পল্লী এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রতিবেশীরা সুশান্তকে শান্ত স্বভাবের যুবক হিসেবেই জানতেন, ফলে তাঁর এই পরিণতিতে অনেকেই হতবাক।পুলিশ পুরো ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ