
যোধপুর, ২৭ মার্চ (হি.স.) : রাজস্থানের সীমান্তবর্তী জেলা জয়সলমীরে সন্দেহভাজন গতিবিধি নিয়ে সুরক্ষা সংস্থাগুলি সতর্ক রয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী নাচানা থানা ক্ষেত্রের ভারেওয়ালা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে এক ২৯ বছর বয়সী যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। এই পদক্ষেপ উত্তর প্রদেশ পুলিশের তথ্যের ভিত্তিতে করা হয়েছে।
তথ্য অনুসারে, ওই যুবক একটি সন্দেহভাজন টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত ছিল, যেখানে উসকানিমূলক এবং দেশবিরোধী বার্তা শেয়ার করা হচ্ছিল। উত্তর প্রদেশ পুলিশ এই গ্রুপের সাথে যুক্ত কিছু যুবকের বিষয়ে তথ্য পেয়েছিল, যাদের মধ্যে কাশ্মীর ও রাজস্থানের লোক শামিল রয়েছে বলে জানানো হয়। এরপরই রাজস্থান পুলিশ এবং অন্যান্য সুরক্ষা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল।
নাচানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবককে তার ঘর থেকে তাকে হেফাজতে নেয়। আপাতত তাকে থানায় রাখা হয়েছে, যেখানে বিভিন্ন সুরক্ষা সংস্থা যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে। এই মামলায় টেলিগ্রাম গ্রুপের নেটওয়ার্ক এবং তার সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিদের নিয়েও তদন্ত করা হচ্ছে।
সূত্রের খবর, সন্দেহভাজন ওই টেলিগ্রাম গ্রুপে ভারেওয়ালার নিবাসী ওই যুবকের মোবাইল নম্বর পাওয়া গিয়েছিল। এখনও পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশ এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে দুজন কাশ্মীরি যুবকও শামিল রয়েছে।
পুলিশের বয়ান অনুযায়ী, প্রাথমিক তদন্তে যুবকের মোবাইল থেকে বিশেষ কোনও তথ্য মেলেনি। আশঙ্কা করা হচ্ছে যে, সে গুরুত্বপূর্ণ ডেটা আগেই ডিলিট করে দিয়েছে। এই কারণে এখন সংস্থাগুলি ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত করছে।
এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় সুরক্ষা বাড়ানো হয়েছে। সীমা সুরক্ষা বল (বিএসএফ) এবং স্থানীয় পুলিশ সতর্ক রয়েছে এবং সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি