
চণ্ডীগড়, ২৭ মার্চ (হি.স.) : কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে সুখনা লেকে শুক্রবার থেকে শুরু হল দু’দিনের এয়ার শো। ভারতীয় বায়ুসেনার ভারতীয় বিমান বাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের চমকপ্রদ কসরতে মুগ্ধ হয়ে পড়েন দর্শকরা।
সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ এই শো দেখতে ভিড় জমায় সুখনা লেক চত্বরে। প্রি-বুকিংয়ের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা থাকায় সাধারণ দর্শকদের জন্য এলাকা বন্ধ রাখা হয়েছিল। শো শুরুর আগে হালকা বৃষ্টি হলেও তা দর্শকদের উৎসাহে কোনও প্রভাব ফেলেনি।
শো শুরু হতেই আকাশে একসঙ্গে উড়তে শুরু করে নয়টি যুদ্ধবিমান। বিএই হক এমকে-১৩২ বিমানের মাধ্যমে সূর্যকিরণ টিম আকাশে ডায়মন্ড ফরমেশন, ইংরেজি ‘এ’ আকৃতি এবং তিরঙ্গা তৈরি করে দর্শকদের অভিভূত করে। পাশাপাশি প্রেসিশন ফরমেশন, লুপ, রোল এবং ডিএনএ মুভের মতো জটিল কসরতও প্রদর্শন করা হয়।
এই টিমে চণ্ডীগড়ের দুই পাইলট—উইং কমান্ডার তেজেশ্বর সিং এবং দিবাকর শর্মাও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল তথা চণ্ডীগড়ের প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়া -এর পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।
রাজ্যের মুখ্যসচিব রাজেশ প্রসাদ ভারতীয় বায়ুসেনার দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, এই ধরনের আয়োজন যুবসমাজকে অনুপ্রাণিত করে এবং দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে।
নিরাপত্তার জন্য এনডিআরএফ-সহ বিভিন্ন বাহিনী মোতায়েন ছিল এবং পাখির গতিবিধি নজরদারিতে রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই এয়ার শো শনিবার (২৮ মার্চ)–ও চলবে এবং তাতেও বিপুল দর্শক সমাগমের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য