
ধর্মনগর (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.) : উপ-নির্বাচনের দামামা বাজতেই উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস শিবির শনিবার প্রচারে নামল। এদিন কংগ্রেসের উদ্যোগে পদ্মপুর এলাকায় পদযাত্রা ও বাড়ি বাড়ি প্রচার অভিযান হয়।
কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর উপস্থিতিতে কয়েকশো দলীয় কর্মী-সমর্থক অংশ নেন এই পদযাত্রায়। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে তাঁরা পদ্মপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।
পদযাত্রার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ কংগ্রেস নেতৃত্বকে অভিবাদন জানান। একই সঙ্গে নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, “এবার মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেবেন। গণতন্ত্রের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমরা আশাবাদী।” তিনি আরও দাবি করেন, এলাকার মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং কংগ্রেস সেই পরিবর্তনের প্রতীক হিসেবে উঠে আসছে।
কংগ্রেস শিবিরের দাবি, পদ্মপুর এলাকায় এই জনসংযোগ অভিযানে যে সাড়া মিলেছে, তা আসন্ন উপ-নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। অপরদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের পদযাত্রা ভোটারদের মনোভাব প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় সভা, মিছিল ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ফলে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চরমে উঠছে রাজনৈতিক তরজা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ