
‘কংগ্রেস আমলে অসম ছিল অশান্ত অঞ্চল, এখন ফিরেছে শান্তি’
নলবাড়ি (অসম), ২৯ মাৰ্চ (হি.স.) : অসমে খুব শিগগির বলবৎ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড সংক্ষেপে ইউসিসি), এই আইনে থাকবে বহুবিবাহ নিষিদ্ধ করার ব্যবস্থাও, ঘোষণা করেছেন সর্বভারতীয় বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অসম বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে নলবাড়িতে আয়োজিত এক জনসভায় উদাত্ত ভাষণ দিতে গিয়ে বিজেপি নেতা অমিত শাহ বলেন, এই পদক্ষেপ নাগরিক আইনে একরূপতা আনবে এবং সামাজিক সংস্কারকে শক্তিশালী করবে। তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের খতিয়ানও তুলে ধরেছেন। বলেন, প্রায় ১৩ লক্ষ প্রবীণ নাগরিক নিয়মিত পেনশন পাচ্ছেন, প্রায় ২ লক্ষ বিধবাকে ২৫ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আজকের জনসভায় অসমে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা উল্লেখ করে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন অমিত শাহ।
কংগ্রেসের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, ১৯৮০ থেকে কংগ্রেস আমলে অসম একটি অশান্ত অঞ্চল ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বড়ো শান্তি চুক্তি, কার্বি আংলং চুক্তি, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি-র সঙ্গে চুক্তি, আলফা-র সঙ্গে সমঝোতার প্রসঙ্গেও বলেছেন তিনি। শাহ বলেন, এ সব উদ্যোগের ফলে প্রায় ১০ হাজার উগ্রপন্থী অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে শাহ অভিযোগ করেন, পূর্ববর্তী কংগ্রেস সরকার বহু বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে অবাধে অসমে অনুপ্রবেশ করিয়েছে। তিনি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং ভূমি উদ্ধারের পদক্ষেপ নেওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন।
শাহ বলেন, অসম সরকার অনুপ্রবেশকারীদের দখল থেকে প্রায় ১.২৫ লক্ষ একর জমি উদ্ধার করেছে। তিনি বলেন, উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও পদক্ষেপ প্রয়োজন। অসমে পুনরায় বিজেপি সরকার গঠন হলে আগামী পাঁচ বছরে অবশিষ্ট সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত বের করার প্রক্রিয়া আরও জোরদার করা হবে, বলেন তিনি।
শেষে সুশাসন এবং কল্যাণমূলক কর্মসূচি এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে বিজেপিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে ভোটারদের কাছে আহ্বান জানান অমিত শাহ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস