
নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মাঝেই ভারতের জন্য স্বস্তির খবর। এলপিজি বোঝাই দুটি ভারতগামী ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে দেশের দিকে এগোচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই জাহাজগুলি ভারতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিডব্লিউ টিওয়াইআর এবং বিডব্লিউ ইএলএম নামে দুটি এলপিজি ট্যাঙ্কারে মোট প্রায় ৯৪ হাজার মেট্রিক টন গ্যাস রয়েছে। এর মধ্যে একটি জাহাজ ৩১ মার্চের মধ্যে মুম্বই বন্দরে পৌঁছতে পারে, অন্যটি ১ এপ্রিল নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে তেল ও গ্যাস আমদানিনির্ভর দেশগুলির সামনে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে এই দুই ট্যাঙ্কারের নিরাপদে প্রণালী পার হওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এর আগে আরও কয়েকটি ট্যাঙ্কার সফলভাবে এই পথ পেরিয়ে ভারতে পৌঁছেছে। পাইন গ্যাস ও জগ বসন্ত-সহ একাধিক জাহাজে করে বিপুল পরিমাণ এলপিজি ইতিমধ্যেই দেশে এসেছে। পাশাপাশি এমটি শিবালিক ও এমটি নন্দা দেবীও সম্প্রতি গুজরাটের বন্দরে পৌঁছেছে।
বর্তমানে পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতীয় পতাকাবাহী ১৮টি জাহাজ অবস্থান করছে, যাতে ৪৮৫ জন ভারতীয় নাবিক রয়েছেন। সংঘাতের মাঝেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে জাহাজ চলাচল পুনরায় শুরু হচ্ছে।
এই পরিস্থিতিতে ভারত বিকল্প উৎস হিসেবেও আমেরিকা ও আর্জেন্টিনা থেকে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে, যাতে জ্বালানি সরবরাহে কোনও ঘাটতি না হয়।
পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝেও এই উন্নয়ন দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
INDIA-LPG-TANKERS-HORMUZ-RELIEF
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য