
মগরাহাট, ২৯ মার্চ (হি. স.) : রবিবার থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মাওলানা আবু সিদ্দিক লস্কর। দলের প্রতীক ‘বাঁশি’ চিহ্নে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গড়ার কথা বলে প্রচার করেন|
জানান, তাঁর প্রধান লক্ষ্য মগরাহাট পশ্চিমকে একটি শান্তিপূর্ণ ও উন্নত অঞ্চলে পরিণত করা। তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মাওলানা লস্করের দাবি, মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে বহু মানুষ জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন। অনেক সময় দালালচক্রের ফাঁদে পড়ে দুর্ঘটনা বা মৃত্যুর মতো ঘটনাও ঘটে, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়ে সংশ্লিষ্ট পরিবারগুলি। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্তরে শিল্প ও কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও, মহিলাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালুর আশ্বাস দিয়েছেন প্রার্থী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত