
আগরতলা, ২৯ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় বর্তমান অস্থিরতার প্রেক্ষাপটে দেশজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা নিয়ে বিভিন্ন গুজব ছড়ালেও ত্রিপুরায় এলপিজি, পেট্রোল ও ডিজেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। রবিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন রাজ্যের খাদ্য দফতরের সচিব দেবপ্রিয় বর্ধন।
তিনি জানান, রাজ্যে কোথাও জ্বালানির ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক গতিতেই চলছে। শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের বুকিং-এর মধ্যবর্তী সময় (ইন্টার বুকিং পিরিয়ড) ১৫ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে, যাতে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দফতরের অধিকর্তা সুমিত লোধ। সচিব জানান, পশ্চিম জেলার বোধজংনগরে নিয়মিতভাবে এলপিজি সিলিন্ডার বটলিং করা হচ্ছে এবং সেখান থেকে পাঁচটি জেলায় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি শিলচর থেকেও সিলিন্ডার এনে রাজ্যের তিনটি জেলায় বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “এলপিজি বা পেট্রোপণ্যের কোনও কৃত্রিম সংকট তৈরি হয়নি। কিছু অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই ধরনের ভ্রান্ত খবর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
গ্রামীণ এলাকায় এলপিজি সিলিন্ডারের ইন্টার বুকিং পিরিয়ড বর্তমানে ৪৫ দিন রয়েছে উল্লেখ করে তিনি জানান, এই সময়সীমা কমানোর জন্য প্রক্রিয়া চালু রয়েছে।
এছাড়াও রাজ্যে পাইপ ন্যাচারাল গ্যাস (পিএনজি) পরিষেবার সম্প্রসারণের কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে প্রায় ৭০ হাজার গ্রাহক পিএনজি পরিষেবা গ্রহণ করছেন এবং একাধিক শিল্প প্রতিষ্ঠানেও এই সংযোগ দেওয়া হয়েছে।
পেট্রোপণ্যের কালোবাজারি রুখতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে বলেও জানান খাদ্য সচিব। তিনি সতর্ক করে বলেন, অবৈধভাবে পেট্রোপণ্য মজুত করা বিপজ্জনক এবং এতে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। গত এক মাসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।
সবশেষে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, অযথা আতঙ্কিত না হয়ে সরকারি তথ্যের উপর ভরসা রাখতে এবং গুজবে কান না দিতে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ