
তিনসুকিয়া (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়ায় বুনো মাশরুম খেয়ে শিশু সহ ১১ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের শদিয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে, চলছে চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ।
আজ সোমবার জানা গেছে, রবিবার শদিয়ার রুক্মিণী দেউরি গ্রামে বুনো মাশরুমের ব্যঞ্জন খেয়েছিলেন বাসিন্দারা। এর পর রাত থেকে পেট ব্যথা, বমির উপসর্গ দেখা দেয় দু-বছর শিশু থেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রাপ্তবয়স্ক পুরুষ-মহিলাদের মধ্যে।
এঁদের মধ্যে গুরুতরভাবে অসুস্থ সুম্বারি দেউরি (৬০), অভিজিৎ দেউরি (৪৫), উজ্জ্বল দেউরি (৪), নিরঞ্জন দেউরি (২), মামণি দেউরি (৩০), কুজয় দেউরি (৫৬), মিতালি দেউরি (৫৫), রাধিকা দেউরি (১২), নানি দেউরি (৩৫), মনজিত দেউরি (১৯) এবং প্রজেশ দেউরি (২০)-কে নিয়ে ভরতি করা হয় শদিয়া সিভিল হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সব রোগীর চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস