
বসিরহাট, ১ এপ্রিল (হি. স.) : বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদাড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র এলাকার ৮০ নম্বর বুথে প্রায় ১০০০ ভোটারের মধ্যে শতাধিক নাম বাদ পড়েছে বলে অভিযোগ। একই সঙ্গে ব্লকজুড়ে প্রায় ৫০০০ আবেদন এখনও বিচারাধীন রয়েছে।চতুর্থ দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর থেকেই এই অসন্তোষ চরমে পৌঁছায়। অভিযোগ, একাধিক বুথে প্রকৃত ভোটারদের নাম যথাযথ যাচাই ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এমনকি ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকের নাম মুছে ফেলা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মানুষজন টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, শুনানিতে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও অনেকের নাম না ডিলিট তালিকায় আছে, না নতুন তালিকায়—যা বিভ্রান্তি তৈরি করছে।বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে সঠিক তদন্ত ও প্রকৃত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়