
নাজিরা (অসম), ১ এপ্রিল (হি.স.) : অসমের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার মহিলাদের অগ্রগতি চায় না, মহিলারা এগিয়ে যান, তা দেখতে চায় না এবং নারী ক্ষমতায়নের প্রকল্পগুলি তৃণমূলস্তরে কার্যকর হচ্ছে না, বক্তা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদরা।
আজ বুধবার নাজিরার মেকিপুর পূজা ময়দানে আয়োজিত নির্বাচনী সভায় ভাষণ দিতে প্রিয়াঙ্কা গান্ধী ভদরা অসমের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, রাজ্যের বর্তমান সরকার মহিলাদের কল্যাণে কিছুই করছে না। তিনি বলেন, ‘অরুণোদয়’ প্রকল্পের মতো উদ্যোগগুলো বাস্তবে মহিলাদের কোনও স্থায়ী উপকার করতে পারেনি। তিনি দাবি করেন, এই সব প্রকল্প থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কংগ্রেস প্রার্থী দেবব্রত শইকিয়ার সমর্থনে নাজিরায় প্রচার চালানোর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী খোয়াং-এ অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর সভাপতি লুরিনজ্যোতি গগৈ টিংখং-এ কংগ্রেস প্রার্থী বিপুল গগৈর পক্ষেও নির্বাচনী সভা করেছেন। সব সভায় তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেন।
তিনি বলেন, জুবিন গার্গের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা তাঁর দায়িত্ব। এবারের নির্বাচনে অসমে সরকার গঠন হলে, জুবিন গার্গের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে কংগ্রেস। জুবিনকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। চা বাগানের শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, তাঁদের মজুরি এখন পর্যন্ত বাড়ানো হয়নি।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী আরও অভিযোগ করেছেন, বিজেপি সরকারের শাসনকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলেছে। বিজেপির আমলে কেবল দুর্নীতিই সংগঠিত হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই মন্তব্যগুলি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস