কলকাতায় আয়কর দফতরের বড়সড় হানা: সাড়ে ৪ কোটিরও বেশি বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত, আটক ৩
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক বড়সড় অভিযানে নেমে প্রায় ৪.৫৪ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল পরিমাণ বিদেশি
আয়কর


কলকাতা, ১ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক বড়সড় অভিযানে নেমে প্রায় ৪.৫৪ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা।

বিভাগীয় আধিকারিক সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই হানা দেওয়া হয়। আয়কর দফতরের আধিকারিকরা নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার এবং ৩ লক্ষ থাই বাট উদ্ধার করেছেন। ভারতীয় মুদ্রায় এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৪ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।

তদন্তকারী আধিকারিকদের মতে, আটক হওয়া তিন ব্যক্তি এই বিশাল পরিমাণ বিদেশি মুদ্রা নিজেদের কাছে রাখার স্বপক্ষে কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। এরপরই আয়কর দফতরের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয় এবং তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এই অর্থ কোথা থেকে এল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই নির্বাচন কমিশন আয়কর দফতর–সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছিল। ওই বৈঠকগুলিতে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং কালো টাকার প্রবাহের ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর থেকেই কেন্দ্রীয় ও রাজ্য স্তরের এজেন্সিগুলি ক্রমাগত সক্রিয় রয়েছে। নির্বাচনের মুখে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা থেকে এই পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট দফতর। নির্বাচন প্রক্রিয়ার আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের সময়ও কমিশনের পক্ষ থেকে বড় অঙ্কের নগদ টাকা বাজেয়াপ্ত করার খবর সামনে আসছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande