
আরামবাগ, ১ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাট থানার মহেশপুর ও মান্দারণ পোলের মাঝামাঝি এলাকায় বুধবার ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে চিংড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান। ধাক্কার জেরে ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন পিকআপ ভ্যানের চালক ও খালাসী। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, ভোররাতে অন্ধকার ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাস্তার ধারে লরিটি কেন দাঁড়িয়ে ছিল এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং প্রায়ই ভারী যানবাহন অনিয়মিতভাবে দাঁড়িয়ে থাকে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দ্রুত আলোর ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA