
ঝাড়গ্রাম, ৩০ মার্চ (হি.স.): জঙ্গলমহলে ‘লুঠের রাজত্ব’ চলছে অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে রান্টিয়াতে প্রচারে এসে তিনি পরিবর্তনের ডাক দেন।
দিলীপ ঘোষ বলেন, “এখানে উন্নয়নের বদলে সম্পদ লুঠ হয়েছে। জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে, অথচ স্থানীয় মানুষ কাজ পাচ্ছে না। বাধ্য হয়ে যুবসমাজ ভিনরাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে।” তাঁর অভিযোগ, এলাকায় শিল্প বা কর্মসংস্থানের সুযোগ না থাকায় মানুষ শুধুমাত্র শ্রমিকের কাজেই সীমাবদ্ধ হয়ে পড়ছেন।
তিনি আরও বলেন, “কাঁচা বাড়িতে ছাদ দেওয়া ছাড়া প্রকৃত উন্নয়ন হয়নি। তাও কেন্দ্রের প্রকল্পের টাকা। বাংলায় আবাস যোজনায় ঘর পেতে গেলেও টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।” পাশাপাশি দাবি করেন, বহু ঘরে ছাদ থাকলেও দরজা-জানালা সম্পূর্ণ হয়নি।
কৃষিক্ষেত্রেও অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, আগে এই এলাকায় আখ, তরমুজ, লঙ্কার চাষ হত, এখন কেবল একবার ধান চাষ হয়। আলুচাষীরাও ন্যায্য দাম পাচ্ছেন না। জল, রাস্তা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নও হয়নি বলে দাবি করেন তিনি।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, সীমান্তে পর্যাপ্ত নজরদারি না থাকায় ‘বাইরের অনুপ্রবেশ’ বাড়ছে। এর জন্য রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
শেষে তিনি বলেন, “এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন না হলে জঙ্গলমহলের উন্নয়ন সম্ভব নয়।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো