মণিপুরে গ্ৰেফতার জঙ্গি ক্যাডার, ভারত-মায়ানমার সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আইইডি
ইমফল, ৩০ মাৰ্চ (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে জঙ্গি সংগঠন ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ)’, সংক্ষেপে কেসিপি (পিডব্লিউজি)-এর সক্রিয় ক্যাডার। আজ সোমবার রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্র
মণিপুরে গ্ৰেফতার কেসিপি (পিডব্লিউজি)-র ক্যাডার


ইমফল, ৩০ মাৰ্চ (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে জঙ্গি সংগঠন ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ)’, সংক্ষেপে কেসিপি (পিডব্লিউজি)-এর সক্রিয় ক্যাডার।

আজ সোমবার রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ইমফল পশ্চিম জেলার অন্তর্গত সিঙ্গজামেই থানাধীন সাঙ্গাইপ্রউ মামাং লেইকাই এলাকায় অভিযান চালিয়ে কেসিপি (পিডব্লিউজি)-র সক্ৰিয় ক্যাডার মৈবাম পিংকু সিং (৪২)-কে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। পিংকু সিং চিংগামাথাক পিশুম লেইরাক এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় ধৃতের হেফাজত থেকে একটি মোবাইল ফোন এবং একটি ভোটার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে, জানিয়েছে সূত্রটি।

সূত্রটি আরও জানিয়েছে, এর আগের দিন শনিবার (২৮ মার্চ) পরিচালিত পৃথক অভিযানে তেংনৌপাল জেলার ভারত-মায়ানমার সীমান্তবৰ্তী মোরে থানাধীন ইয়াংগৌবুং গ্রামে সীমান্ত পিলার-৭৩-এর কাছে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং যোগাযোগ সরঞ্জাম উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছয়টি ৯ এমএম পিস্তল, ছয়টি ৯ এমএম ম্যাগাজিন, একটি সিঙ্গল-ব্যারেল রাইফেল, ১৫টি আইইডি এবং দুটি ট্যাকটিক্যাল রেডিও সেট রয়েছে। আধিকারিক সূত্র জানিয়েছে, নিরাপত্তা বিধি মেনে ঘটনাস্থলেই আইইডিগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande