
তেজপুর (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : নির্বাচনী দায়িত্বে অবহেলা এবং প্রশিক্ষণে অনুপস্থিত, প্রশিক্ষণস্থলে প্রশিক্ষক ও নির্বাচন আধিকারিকদের সামনে অসৌজন্যমূলক আচরণ প্রদর্শনের অভিযোগে শোণিতপুর জেলার চারটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৪ জন শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক। গোটা অভিযোগ বর্ণনা করে সংশ্লিষ্ট চারটি বিদ্যালয়ের অধ্যক্ষদের নোটিশ জারি করা হয়েছে।
জানা গেছে, আসন্ন অসম বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়োজিত প্রিজাইডিং ও পোলিং অফিসারদের একাধিক ধাপের প্রশিক্ষণ ইতিমধ্যে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে তেজপুর কলেজে অতিরিক্তভাবে নিয়োজিত কিছু প্রিজাইডিং অফিসারের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে।
কিন্তু ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত তেজপুর লখরা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছয়জন (৬) শিক্ষক, শোলমারা কেন্দ্রীয় বিদ্যালয়ের আটজন (৮), মিসামারি কেন্দ্রীয় বিদ্যালয়ের নয়জন (৯) এবং তেজপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ের একজন (১) শিক্ষক ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে অস্বীকার করেন। শুধু তা-ই নয়, তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচন আধিকারিকদের সামনে অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করে প্রশিক্ষণ গ্রহণ থেকে বিরত থাকেন।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জেলা নির্বাচন আধিকারিক কর্মচারীদের পরিষেবা বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির কর্তৃপক্ষকে নোটিশ জারি করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস