
শ্রীভূমি (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীভূমিতে ইভিএম ও ভিভিপ্যাট-এর কমিশনিং আজ মঙ্গলবার সকাল ৯-টা থেকে করিমগঞ্জ কলেজে শুরু হয়েছে।
এই কমিশনিঙের সময়সীমা নির্বাচন কমিশন থেকে ৫ এপ্রিল পর্যন্ত ধার্য করা হয়েছে। শ্রীভূমির জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের ইভিএম ম্যানেজমেন্ট সেল থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দুই দফা র্যা ন্ডমাইজেশন সম্পন্ন হয়েছে। এতে প্রথম দফা ১৮ মার্চ এবং দ্বিতীয় দফা ২৯ মার্চ তারিখে অনুষ্ঠিত হয়েছে। উভয় পর্যায়েই স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছভাবে প্রক্রিয়া পরিচালিত হয়েছে। কমিশনিং পর্বে জেলার চারটি বিধানসভা কেন্দ্র ১২৩-করিমগঞ্জ উত্তর, ১২৪-করিমগঞ্জ দক্ষিণ, ১২৫-পাথারকান্দি ও ১২৬-রামকৃষ্ণনগর (এসসি)-এর জন্য ইভিএম ও ভিভিপ্যাট প্রস্তুত করা হচ্ছে। এই সময় ব্যালট ইউনিটে প্রার্থী সেটিং, প্রতীক লোড ও যাচাই, মক পোল পরিচালনা এবং নির্ধারিত প্রটোকল অনুযায়ী সিলিং ও ডকুমেন্টেশন সম্পন্ন করা চলছে।
জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মমাফিকভাবে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুমোদিত প্রতিনিধিরা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ ও যাচাই করছেন, যাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হয়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস