
হাইলাকান্দি (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : আগামীকাল ১ এপ্রিল বুধবার থেকে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্র এলাকার বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে।
পোস্টাল ব্যালট পেপার সেলের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ গৌতম ভাস্কর জানান, ১ এপ্রিল থেকে ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার এবং বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৪ এপ্রিল পর্যন্ত জেলার দুটি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবেন ভোটকর্মীরা।
তিনি জানান, ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ২৩টি এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে ১৭টি পোলিং পার্সোনালদের দল গঠন করা হয়েছে। যে সকল প্রবীণ ভোটদাতা পোস্টাল ব্যালট পেপারে ভোট দানের জন্য ১২-ডি ফর্মে আবেদন করেছেন তাঁদেরকে উল্লিখিত তারিখে বাড়িতে থাকতে অনুরোধ জানানো হয়েছে।
১, ২ এবং ৩ এপ্রিল প্রথম পর্যায়ে এবং ৪ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে পোস্টাল ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত জেলায় পোস্টাল ব্যালট পেপারে ভোট দানের জন্য ৬৬২ জন ভোটারের আবেদন মঞ্জুর করা হয়েছে। যাঁদের আবেদন মঞ্জুর হয়নি তাঁদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আগামী ৯ এপ্রিল ভোট দান করতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস