
হাইলাকান্দি (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক স্তরে তৎপরতা জোর কদমে চলছে। জেলার ১২১ এবং ১২২ নম্বর বিধানসভার কেন্দ্র জুড়ে এবার মোট ভোটার ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন। ভোট কেন্দ্র ৬২৩টি। এর মধ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্র ১৫৭টি। জেলায় এবার ৫০টি ভোট কেন্দ্র মহিলা কর্মীরা পরিচালনা করবেন। তাই প্রশাসনিক স্তরে প্রশিক্ষণ পর্ব এখন অন্তিম পর্যায়ে।
সব কিছুর উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছেন হাইলাকান্দিতে অবস্থানরত তিন পর্যবেক্ষক। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে আগত সাধারণ পর্যবেক্ষক জি বীরাপান্ডিয়ান জেলার সর্বত্র চষে বেড়াচ্ছেন। তিনি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন সব ধরনের কার্যসূচির ওপর তীক্ষ্ণ নজর রেখে চলছেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সাধারণ পর্যবেক্ষক জেলার ১২১ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নীলমণি পাঠশালার দুটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন। অন্যদিকে, ১২২ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহাদুরপুর এমই মাদ্রাসার দুটি পোলিং স্টেশন পর্যবেক্ষণ করে ওই এলাকা সম্পর্কে খোঁজখবর নিয়ে আনুষঙ্গিক ব্যবস্থা সম্পর্কে অবগত হন। এছাড়া এদিন সেক্টর অফিসারদের সাথে মত বিনিময় করেছেন। আধা সামরিক বাহিনীর প্রধানদের সাথেও প্রাসঙ্গিক আলোচনা করেছেন তিনি।
এদিকে, আজ (মঙ্গলবার) হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুম পর্যবেক্ষণ করে চলমান কমিশন কার্যসূচিরও খোঁজখবর নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস