
কাঁচড়াপাড়া, ৩১ মার্চ (হি. স.): ভোটের আগে ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। মঙ্গলবার কাঁচরাপাড়া রেলওয়ে ফোরম্যান কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করল বোম স্কোয়াড। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিজপুর পুলিশ স্টেশনে খবর আসে যে ফোরম্যান কলোনির একটি পরিত্যক্ত রেল কোয়ার্টারের ভিতরে বোমা মজুত রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিত্যক্ত কোয়ার্টারের ভিতরে তল্লাশি চালিয়ে বোমাগুলি দেখতে পায়।এরপর খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে অত্যন্ত সতর্কতার সঙ্গে ছয়টি তাজা বোমা উদ্ধার করে এবং সেগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে কেউ বা কারা ওই পরিত্যক্ত বাড়িতে বোমাগুলি মজুত করে রেখেছিল। কারা এই বোমা রেখে গিয়েছে এবং এর পিছনে কোনও দুষ্কৃতী বা রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়